ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একটি কক্ষের জানালার নিচের অংশ কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা ওই কক্ষ থেকে দুটি সিলিং ফ্যান এবং শিক্ষার্থীদের মিডে ডে মিলের খাবার রান্নার কাজে ব্যবহৃত তিনটি ডেক্সি চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা কক্ষের ভেতরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়। রোববার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে জানালার অংশ কাটা এবং জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শাহাজাদী বানু বলেন, “সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি জানতে পারি। চুরির এই ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে। বিদ্যালয় থেকে ফিরে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।”
বিদ্যালয়ে চুরির এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।