নিজস্ব প্রতিবেদক
যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ছবি: ধ্রুব নিউজ
যশোরে সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার শহরতলীর বিরামপুর এলাকার শরীফ আল আমিন শুভ থানায় এই জিডি করেন। শুভ বিরামপুর এলাকার ফেরদৌস হোসেনের ছেলে।
জিডি সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাদিউজ্জামান চিমা, রাশেদ, সুমাইয়া পুতুল ও পাপ্পুসহ কয়েকজনের সাথে আল আমিনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে বিবাদী পক্ষ তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। গত ১০ মে সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর গাবতলা মোড় এলাকায় অবস্থানকালে অভিযুক্তরা আল আমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে উদ্ধার হওয়া জমি নিয়ে এই উত্তেজনার সৃষ্টি। উপশহরে উদ্ধার হওয়া জমির মধ্যে কিছু অংশ আল আমিনের। অভিযোগ রয়েছে, সাবেক ইউপি সদস্য হাদিউজ্জামান চিমা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ ২০ বছর ধরে ওই জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সম্প্রতি গৃহায়ন কর্তৃপক্ষ জমিটি দখলমুক্ত করার পর প্রকৃত মালিক শুভ তার মালিকানা দাবি করলে চিমার সাথে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় ভুক্তভোগী শুভ নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাদিউজ্জামান চিমা, তার বোন সুমাইয়া পুতুল, পাগলাদাহ গ্রামের মোয়াজ্জেমের ছেলে রাশেদ এবং বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার পাপ্পুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করেছেন।