নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি এবং চাঁদা দাবির অভিযোগে নিয়াজ মাহমুদ মাহিন নামে এক যুবকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন অভিযোগটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত মাহিন ঝিকরগাছার হাড়িয়া দেয়াড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে মাহিনের সাথে ওই নারীর পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে তারা প্রায়ই ভিডিও কলে কথা বলতেন। অভিযোগ রয়েছে, কিছুদিন পর আসামি মাহিন ওই নারীর কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মাহিন ভিডিও কলে ধারণ করা অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
গত ৯ মে মাহিন ওই নারীর বাড়ির সামনে এসে পুনরায় টাকা দাবি করেন। এসময় তিনি চাঁদা না দিলে ছবিগুলো ইন্টারনেটে ফাঁস করে দেবেন বলে শাসান। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে ভুক্তভোগী নারী আদালতের শরণাপন্ন হয়েছেন।