নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ফেনসিডিল পাচারের দায়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন সাগরকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মে) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হৃদয় বাগআঁচড়া গেটপাড়ার আনারুল ইসলাম বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৯ নভেম্বর রাতে ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সদস্যরা ভবেরবেড় গ্রামের বাইপাস সড়ক এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহজনকভাবে হৃদয় হোসেন সাগরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় বিজিবির নায়েক নুরুল ইসলাম বাদী হয়ে হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে এসআই মাসুম বিল্লাহ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে হৃদয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হৃদয় হোসেন সাগর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে বর্তমানে পলাতক রয়েছেন।