নিজস্ব প্রতিবেদক
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ভরণপোষণ না দেয়া ও মারপিটের অভিযোগে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক পিতা। রোববার যশোর সদরের নুরপুর গ্রামের বৃদ্ধ মুনসুর আলী বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলেন মামলার বাদীর ছেলে শহিদুল ইসলাম মুন্না ও তার স্ত্রী মাহমুদা আক্তার মিরা। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ৭ বছর আগে মুনসুর আলীর স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র সন্তানকে নিয়েই সংসার করে আসছিলেন তিনি। দ্বিতীয় বিয়ে করতে পারে এমন আশঙ্কায় ছেলে শহিদুল ইসলাম তার পিতার কাছ থেকে জমি লিখে নেন। কিছুদিন যেতে না যেতে শহিদুল ও তার স্ত্রী নানাভাবে তার পিতার উপর অত্যাচার নির্যাতন শুরু করে। গত ৬ মে সকালে মুনসুর আলী দেখতে পান তার তোষকের নিচেই রাখা দশ হাজার টাকা নেই। টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি শহীদুল ও তার স্ত্রীর কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে পিতাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন।
ভুক্তভোগী মনসুর আলী ঐদিন বেশ কয়েকবার বাড়িতে ওঠার চেষ্টা করলে ছেলের বউ তাকে তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে এ মামলা করেছেন তিনি।
ধ্রুব/এস.আই