ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেয়া হয়েছে, তা লজ্জার।’ এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার।
শুনানির একপর্যায়ে আপিল বিভাগে প্রশ্ন ওঠে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজন কিশোরকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন—আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন তারা। দণ্ডপ্রাপ্ত তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তবে আপিল শুনানিতে আসামিপক্ষ থেকে তুলে ধরা হয় যে, ১৯৭১ সালে অপরাধ সংঘটনের সময় অভিযুক্ত আমিনুজ্জামান ফারুকের বয়স ছিল মাত্র ১৩ বছর। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই শুনানিতে বিস্ময় প্রকাশ করেন এবং আইনি প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা।