Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পরাজিত শক্তির রক্তের নেশা মেটেনি : রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৫১ পিএম
পরাজিত শক্তির রক্তের নেশা মেটেনি : রুহুল কবির রিজভী

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ছবি: ধ্রুব নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ‘পরাজিত ফ্যাসিস্টরা’ পার্শ্ববর্তী দেশে পালিয়ে থেকেও দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। তাদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি বলে মন্তব্য করে তিনি জানান, দেশজুড়ে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পেছনে এই চক্রটিই সক্রিয় রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী তার বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে বলেন, “অভ্যুত্থানের সময় প্রায় ১৪ শ শিশু-কিশোরকে হত্যা করেও তারা ক্ষমতায় টিকতে পারেনি। এখন বিদেশের মাটিতে বসে পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। গত দু-এক দিনে নড়াইলের কালিয়ায় দুজন এবং ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লাকে হত্যার মাধ্যমে তারা তাদের পুরনো রূপ দেখাচ্ছে।”

সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন যে ধৈর্যের সীমা অতিক্রম করেছে এবং সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই ‘পঞ্চম বাহিনী’ ও দুর্বৃত্তদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।

বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। বর্তমানে রাষ্ট্রীয় ব্যাংক থেকে অর্থ লুটপাট, জমি দখল, গুম বা ক্রসফায়ারের মতো ঘটনা বন্ধ হয়েছে এবং নাগরিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করছেন। দীর্ঘ ১৭ বছরের ত্যাগের বিনিময়ে এই গণতান্ত্রিক পরিবেশ অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে রিজভী জানান, বিএনপি এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সনদের কিছু অমীমাংসিত বিষয়ে সংসদের বিরোধী দলকে আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে বলেও তিনি জানান।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। সভায় দলের কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, আবুল হোসেন আজাদ ও সাবিরা নাজমুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)