নিজস্ব প্রতিবেদক
মা-বাবাকে মারধর ও মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে পৃথক অভিযোগ করেছিলেন ভুক্তভোগী মা-বাবা। অভিযোগের পর অভিযান চালিয়ে মাদক সেবনকালে ওহিদ গাজী (২৬), সজিব আহমেদ (৩০) ও শামীম শেখ (২০) নামের তিন যুবককে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওসমান আলী গাজীর ছেলে ওহিদ গাজী, বুইকারা গ্রামের মোবারক হোসেনের ছেলে সজিব আহমেদ ও মশরহাটী গ্রামের জুয়েল শেখের ছেলে শামীম শেখ (স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রাম)।
স্থানীয়রা জানান, অভিযুক্ত তিন যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। মাদকদ্রব্য ক্রয় এবং নেশার টাকা জোগাড় করতে তারা প্রায়ই তাদের মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তারা নিরুপায় হয়ে ছেলেদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামে নিজ বাড়ি থেকে মাদক সেবনকালে ওহিদ গাজীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে বুইকারা গ্রামের সজিব আহমেদ ও মশরহাটী গ্রামের শামীম শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মাদক সেবনকালে তিন যুবককে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’