নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও পাঠদানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২১০ জন শিক্ষককে নিয়ে দিনব্যাপী বিষয়ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার ৭০টি স্কুল ও মাদ্রাসার প্রধান এবং বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষকেরা এতে অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদ। বিষয়ভিত্তিক পাঠদান, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ কর্মশালায় সভাপতিত্ব করেন। তাঁর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালা শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মর্তুজা সহ প্রমুখ।