নিজস্ব প্রতিবেদক
প্রতারণার মাধ্যমে ধারের ৫ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের দায়ে এসএম শরীফকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এক রায়ে এ সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্ত এসএম শরীফ শহরের ঢাকা রোড বারান্দীপাড়ার শরিফুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, যশোর সদরের ভেকুটিয়া এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে গাজী আব্দুস সালাম গাজীর সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় শহরের ঢাকা রোডের বারান্দিপাড়া নতুন বাজার এলাকার শরীফুল ইসলামের ছেলে এস এম শরীফের। ব্যবসায়িক প্রয়োজনে ২০২১ সালের ১৯ জুলাই এস এম শরীফ ৫ লাখ ৭০ হাজার টাকা ধার নেন। এ সময় তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন তিনি। নির্ধারিত সময় পার হলেও আসামি শরীফ টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন। লিগ্যাল নোটিশ দিয়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে সালাম গাজী ২০২৩ সালের ১৬ আগস্ট আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শরীফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছর সশ্রম কারাধণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত এসএম শরীফ পলাতক রয়েছে।