Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৪ ম্যাচের নিষেধাজ্ঞায় এল-ক্লাসিকো থেকে ছিটকে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৫:১১ পিএম
৪ ম্যাচের নিষেধাজ্ঞায় এল-ক্লাসিকো থেকে ছিটকে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র ছবি: সংগৃহীত

মাঠের এক মুহূর্তের মাথা গরম যে কতটা বড় খেসারত ডেকে আনতে পারে, তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ার মাশুল হিসেবে ৪ ম্যাচের বড় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির নেওয়া এই সিদ্ধান্তের ফলে চলতি মাসের বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’য় বার্সেলোনা তো বটেই, লা লিগার আরও তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে দলের বাইরে থাকতে হবে তাকে।

​গত শনিবারের ওই ম্যাচে জোড়া অপরাধের কারণেই শাস্তিটা এত কড়া হয়েছে ভিনিসিয়ুসের জন্য। ভিয়ারিয়ালের খেলোয়াড় নাথান সালিবার চুল ধরে টান দেওয়ার অপরাধে তাকে সরাসরি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর রেফারির লাল কার্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করায় বাড়তি আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হয় তার নামের পাশে। সব মিলিয়ে চার ম্যাচের এই শাস্তির খবর বুধবার প্রাতিষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ডিসিপ্লিনারি কমিটি।

​চলতি মৌসুমে এমনিতেই খুব একটা ছন্দে নেই ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে করতে পেরেছেন মাত্র একটি গোল। পারফরম্যান্সের এমন নিম্নগতির কারণেই ভিয়ারিয়ালের বিপক্ষে মূল একাদশে তাকে নামাননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে বেশিক্ষণ ধরে রাখতে পারেননি নিজেকে; ৭৩ মিনিটের মাথায় দেখেন লাল কার্ড। অনভিপ্রেত এই ঘটনার পর অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন ভিনি। কিন্তু তাতেও মন গলানি স্প্যানিশ ফুটবলের অনুশাসন কমিটির।

​আইন অনুযায়ী কেবল স্পেনের ঘরোয়া লিগেই এই শাস্তি কার্যকর হবে। চ্যাম্পিয়নস লিগে খেলতে তার কোনো বাধা নেই। ফলে বুধবার রোমার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিয়ালের একাদশে দেখা গেছে তাকে। তবে লা লিগায় ক্লাবের পরবর্তী চারটি ম্যাচ—সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দার ও ভালেন্সিয়ার বিপক্ষে গ্যালারিতে বসেই কাটাতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে।

​এদিকে শাস্তির আদেশ মেনে নিলেও, তা ঘোষণার টাইমিং বা সময় নিয়ে প্রকাশ্যে তীব্র ক্ষোভ ঝেড়েছেন ভিনিসিয়ুস। স্প্যানিশ ফুটবলের নিয়মনীতি ও আচরণবিধি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বিজ্ঞপ্তি দেওয়ার জন্য তাদের হাতে পুরো দিনটা সময় ছিল। কিন্তু আমরা যখন ম্যাচের জন্য ঠিক স্টেডিয়ামে পৌঁছালাম, ঠিক তখনই আমাকে ডেকে জানানো হলো যে লিগের আগামী চার ম্যাচে আমি নিষিদ্ধ। অথচ চুল টানার বিষয়টি নিয়ে কোনো নিয়মের কথা আমাদের আগে কখনো বলা বা ব্যাখ্যা করা হয়নি। লিগ কর্তৃপক্ষ বা রেফারি অ্যাসোসিয়েশন প্রতিনিয়ত রুলস বোঝাতে আসে, কিন্তু এই সুনির্দিষ্ট বিষয়টি কখনো শোনায়নি। আমার বেলাতেই শুধু হুট করে লাল কার্ড! আমি কখনো প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক বা সহিংস মনোভাব দেখাইনি। উল্টো প্রতিপক্ষের খেলোয়াড়রা প্রতিনিয়ত আমাকে আঘাত করে পার পেয়ে যায়, আর কাঠগড়ায় দাঁড়াতে হয় আমাকে।”

​শাস্তির এই টাইমিং নিয়ে কেবল ভিনিসিয়ুস একা নন, চরম অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ বস হোসে মরিনিও-ও। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “কমিটির কাছে আমার একটাই জানার বিষয়—ঠিক এই মুহূর্তটাকেই কেন তারা শাস্তির সিদ্ধান্ত জানানোর জন্য বেছে নিল? রিয়াল মাদ্রিদের মতো একটি দলের আন্তর্জাতিক প্রতিযোগিতার এত গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র দুই ঘণ্টা আগে এই খবর কেন দেওয়া হলো? তারা কি চাইলে এটি আজ সকালে কিংবা আগামীকাল সকালে প্রকাশ করতে পারত না? ভুলে গেলে চলবে না, রিয়াল মাদ্রিদও স্পেনেরই প্রতিনিধিত্ব করছে।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)