ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি সোবহানা মোস্তারির ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল হাতেনাতে পেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই ব্যাটার সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। আইসিসির প্রকাশিত নারী ওয়ানডে ব্যাটারদের সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে পৌঁছে গেছেন দুজনই। অসিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন সোবহানা মোস্তারি। খেলেন ১৩৪ বল মোকাবিলা করে ১১৮ রানের অনবদ্য এক ইনিংস। নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের ব্যাটারদের প্রথম সেঞ্চুরি। ওই ম্যাচেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে চতুর্থ উইকেটে ১৯৫ রানের রেকর্ড জুটি গড়েন সোবহানা, যা নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। ওই ম্যাচে জ্যোতি অপরাজিত ছিলেন ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলে। এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে এক লাফে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে জায়গা করে নিয়েছেন সোবহানা। অন্যদিকে ১১ ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি এখন যৌথভাবে অবস্থান করছেন ২৪ নম্বর স্থানে। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৩ বলে কার্যকরী ৪৫ রানের ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ৭৮ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার রিতু মণি।
অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যেও আইসিসি র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন দেখা গেছে। বাংলাদেশের বিপক্ষে দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার ফোবি লিচফিল্ড নিজের রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৫৭ বলে ৭৭ এবং ৫১ বলে ৭০ রানের নজরকাড়া ইনিংস খেলে ৭২৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি, যা তাঁর ক্যারিয়ারসেরা। ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থান ধরে রাখলেও তৃতীয় স্থানে থাকা সতীর্থ বেথ মুনি ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুসের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান এখন নেমে এসেছে মাত্র চারে। এদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২২১ রানের লক্ষ্য তাড়ায় ৯ উইকেটের সহজ জয়ে বড় ভূমিকা রাখেন জর্জিয়া ভল। ১৩১ বল হাতে রেখেই দলকে জেতাতে তিনি খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১৩১ রানের বিধ্বংসী ইনিংস। এই মারমুখী পারফরম্যান্সের সুবাদে ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন ভল। এছাড়া প্রথম দুই ম্যাচে অপরাজিত ২৬ ও ১৯ রান করে দুই ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার এলিসে পেরি (দশম স্থান)। বোলারদের তালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার পেসার মেগান শাটের। প্রথম ওয়ানডেতে ১৯ রানে ২ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে ৪ উইকেট শিকার করে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর ঠিক ওপরে চতুর্থ স্থানে আছেন প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নেওয়া সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের পাশাপাশি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। যেখানে চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সে নিজের অবস্থান জোরালো করেছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার স্টেফানি টেলর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাটে-বলে দ্যুতি ছড়ান তিনি। ৩৯ বলে অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি মাত্র ৮ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। তাঁর এই অলরাউন্ড নৈপুণ্যে ভর করে ৮ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়রা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য, সিরিজের তিনটি ম্যাচেই একই ব্যবধানে জয় পেয়ে সফরকারীরা প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করে।