ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ, অথচ আলোচনার বড় একটা অংশ জুড়ে এখন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ। মেসির বানিয়ে দেওয়া বলেই দৃষ্টিনন্দন এক গোল করে তিনি শুধু আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ই সুনিশ্চিত করেননি, বরং জন্ম দিয়েছেন এক ঐতিহাসিক ও আবেগময় মুহূর্তের।
ম্যাচের ৬০ মিনিটে ডান দিক থেকে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে বল নিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকছিলেন মেসি। সেখান থেকেই দারুণ এক পাসে বল বাড়িয়ে দেন বাঁ পাশে থাকা নিকো পাজের দিকে। ঠাণ্ডা মাথায় বলটির নিয়ন্ত্রণ নিয়ে নিজের সুবিধামতো পজিশন তৈরি করেন পাজ। এরপর বাঁ পায়ের দর্শনীয় এক দূরপাল্লার শটে বেনিনের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি।
তবে গোলটির চেয়েও ফুটবলবিশ্বের নজর কাড়ে এর পরবর্তী উদ্যাপন। সতীর্থদের সঙ্গে আনন্দের পর্ব সেরে পাজ সোজাসুজি ছুটে যান মহাতারকা মেসির দিকে। দুজন একে অপরকে পরম আবেগে জড়িয়ে ধরেন। কেবল গোলের উচ্ছ্বাস নয়, মাঠের দর্শকদের কাছে এই দৃশ্যটি ধরা দেয় এক ঐতিহাসিক রূপক হিসেবে—যেন বর্তমান ১০ নম্বরের হাত থেকে ভবিষ্যতের ১০ নম্বরের কাছে মশাল হস্তান্তরের বার্তা।

আলবিসেলেস্তেদের বিখ্যাত ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে হবেন—এই প্রশ্নটি নিয়ে আর্জেন্টাইন ভক্তদের মাঝে গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরেই। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে উজ্জ্বল পারফর্ম করা পাজকে ইতিমধ্যেই দেশটির ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে বিবেচনা করছেন সমর্থক ও ফুটবল বিশ্লেষকেরা। আন্তর্জাতিক ও আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর ভাষ্য, এই তরুণের মাঝেই আর্জেন্টিনার পরবর্তী 'নম্বর টেন'-এর সব প্রতিভা লুকিয়ে রয়েছে।
এক কিংবদন্তির প্রস্থান আর নতুন এক নক্ষত্রের আগমনী বার্তা—মেসির পাসে পাজের এই গোল তাই শুধুই স্কোরবোর্ডের কোনো সংখ্যা নয়, বরং আর্জেন্টিনা ফুটবলে এক নতুন যুগের সূচনার প্রতীক হয়ে থাকল।