ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
ফুটবল ক্যারিয়ারে অর্জনের খাতা আগেই পূর্ণ করে ফেলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে শুরু করে জেতার মতো সব ট্রফিই উঠেছে তার হাতে। এবার মাঠের সেই মহাতারকার নামের পাশে যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক পরিচয়—‘ডক্টর’। আর্জেন্টিনার সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় (ইউবিএ) ফুটবল ঈশ্বরকে দিতে যাচ্ছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি।
বিশ্ববিদ্যালয়টির নীতি নির্ধারণী পর্ষদ 'সুপিরিয়র কাউন্সিল'-এ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খেলায় অসাধারণ পারদর্শিতা, অক্লান্ত অধ্যবসায়, বিনয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবেই তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে।
আগামী ৬ অক্টোবর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেসির হাতে এই সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হবে। তবে মেসির জন্য দিনটি কেবল এই অর্জনেই সীমাবদ্ধ থাকছে না; হতে যাচ্ছে আবেগঘন এক ঐতিহাসিক মুহূর্ত। ডিগ্রি গ্রহণের কয়েক ঘণ্টা পরই তিনি জীবনের শেষবারের মতো জাতীয় দলের আকাশি-সাদা জার্সিতে মাঠে নামবেন। বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে একটি বিশেষ বিদায়ী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে রাজত্ব করার পর এই ম্যাচ দিয়েই বিদায় জানাবেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।
বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি জানান, এই সম্মাননা কেবল মেসির ফুটবলীয় দক্ষতার জন্য নয়। তিনি বলেন, “মেসি আজ আর্জেন্টিনার লোকসংস্কৃতি ও জাতীয় পরিচয়ের এক অনন্য প্রতীক। খেলার মাঠের সাফল্যের পাশাপাশি তার অতুলনীয় বিনয় ও একাগ্রতা পুরো জাতির জন্য অনুপ্রেরণা।”
২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ পথচলায় আর্জেন্টিনাকে সম্ভাব্য সব সাফল্য এনে দিয়েছেন এই ১০ নম্বর জার্সিধারী। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার মুহূর্তে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের দেওয়া এই বিরল সম্মাননা তার বর্ণাঢ্য অর্জনের মুকুটে যোগ করল আরও একটি উজ্জ্বল পালক।