ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে ক্লাবের অভ্যন্তরে তৈরি হওয়া অনিশ্চয়তা এবার চরম রূপ নিয়েছে। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের দীর্ঘ আলোচনার পর এবার স্পষ্ট অবস্থান নিয়েছে লস ব্লাঙ্কোসরা—হয় বর্তমান শর্তেই নতুন চুক্তিতে সই করতে হবে, না হয় চলতি দলবদল মৌসুমেই ক্লাব ছাড়তে হবে তাকে।
স্প্যানিশ নামকরা ক্রীড়া দৈনিক মার্কা-র এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। প্রতিবেদনের দাবি অনুযায়ী, ২৫ বছর বয়সী এই উইঙ্গারকে ধরে রাখতে নিজেদের দেওয়া প্রস্তাবের বেশি এক ইউরোও বাড়াবে না সান্তিয়াগো বার্নাবেউয়ের কর্তৃপক্ষ। ভিনির প্রতিনিধিদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বেতন বৃদ্ধি কিংবা নতুন করে কোনো দরকষাকষির সুযোগ আর রাখা হচ্ছে না। বর্তমান প্রস্তাবে সায় দিলে তবেই কেবল বার্নাবেউতে নতুন মেয়াদ বাড়বে তার; অন্যথায় এই গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে রেখেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, ২০২৭ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রয়েছে এই ব্রাজিলিয়ান তারকার। তবে বর্তমান চুক্তি শেষ হওয়ার আগে তাকে বিনামূল্যে কিংবা কম দামে ছেড়ে দিতে নারাজ ক্লাবটি। তাই সমঝোতায় না পৌঁছালে এখনই চড়া দামে তাকে বিক্রি করে দেওয়াই রিয়ালের মূল কৌশল।
ভিনিসিয়ুসের এই উত্তপ্ত পরিস্থিতিতে জল ঢালতে মুখিয়ে আছে ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দলটি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সাম্প্রতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। যদিও ভিনি বা তার ফুটবল প্রতিনিধির সঙ্গে গানার্সদের এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি, তবে তাকে দলে ভেড়ানোর আর্থিক সক্ষমতা এবং কৌশলগত দিকগুলো নিয়ে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গানার্সরা।
সব মিলিয়ে ভিনিসিয়ুসের বার্নাবেউ অধ্যায় কোন দিকে গড়ায়, এখন সেটাই ফুটবল বিশ্বের বড় কৌতুহলের বিষয়। সিদ্ধান্ত এখন পুরোপুরি ভিনিসিয়ুস জুনিয়রের হাতে।