ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে এখন শেষ চারের তুমুল লড়াইয়ের অপেক্ষা। মাঠের যুদ্ধ শুরুর আগেই টিকিটের বাজারে একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি। বিশ্ব ফুটবলের চার পরাশক্তি সেমিফাইনালে পা রাখলেও দর্শকদের চাহিদার তুঙ্গে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের ম্যাচ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম এখন ফ্রান্স-স্পেন ম্যাচের চেয়ে দ্বিগুণেরও বেশি!
টিকিট পর্যবেক্ষণকারী জনপ্রিয় প্রতিষ্ঠান 'টিকিটডাটা ডটকম'-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ডালাসে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ফ্রান্স ও তিনে থাকা স্পেন। হাইপ্রোফাইল এই ম্যাচের টিকিটের দাম কিন্তু গত তিন দিনে প্রায় ২৬ শতাংশ কমেছে। সোমবার রাত পর্যন্ত এই লড়াইয়ের সর্বনিম্ন টিকিটের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৩ হাজার টাকার বেশি।
অন্যদিকে আটলান্টায় বুধবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা এখন আকাশচুম্বী। গত তিন দিনে এই ম্যাচের টিকিটের দাম হু হু করে বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। শনিবার টিকিটের দাম সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে (প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা) ঠেকলেও পরদিন তা সামান্য কমেছে। বর্তমানে এই ম্যাচের একটি সর্বনিম্ন টিকিটের জন্য ফুটবলপ্রেমীদের গুনতে হচ্ছে ২ হাজার ৮৪১ ডলার বা সাড়ে ৩ লাখ টাকারও বেশি, যা প্রথম সেমিফাইনালের তুলনায় দ্বিগুণ ছাড়িয়ে গেছে। মূলত আটলান্টায় আর্জেন্টিনার বিশাল সমর্থকগোষ্ঠী এবং এমএলএসের ক্লাব আটলান্টা ইউনাইটেডে দীর্ঘদিন ধরে আর্জেন্টাইন ফুটবলারদের খেলার সুবাদেই এই ম্যাচের টিকিটের চাহিদা আকাশ ছুঁয়েছে।
সেমিফাইনাল ছাড়িয়ে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের বাজারেও চলছে কোটি টাকার খেলা। আগামী শনিবার দিবাগত রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৪৩ ডলার (প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা)।
তবে স্পটলাইট যেখানে, সেই নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনাল ম্যাচের টিকিটের দাম সাধারণের নাগালের অনেকটাই বাইরে। আগামী রোববার রাতের মেগা ফাইনালের একটি সর্বনিম্ন টিকিটের বর্তমান বাজারমূল্য ৬ হাজার ৭৬০ ডলার বা প্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকা। যদিও গত ৭২ ঘণ্টায় ফাইনালের টিকিটের দাম কমেছে প্রায় ৬ শতাংশ। এর আগে গত অক্টোবরে এই ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম উঠেছিল রেকর্ড ১৩ হাজার ৬৫০ ডলারে (প্রায় ১৬ লাখ ৮৩ হাজার টাকা)। এরপর গত ২১ জুন তা ১২ হাজার ৩০১ ডলার এবং ৬ জুলাই ৯ হাজার ৯১১ ডলারে নেমে আসার পর এখন তা আরও কিছুটা কমেছে। দামের এই ওঠানামা সত্ত্বেও বোঝাই যাচ্ছে, মাঠের লড়াইয়ের পাশাপাশি টিকিটের বাজার মাতাতেও বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে।