Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্বকাপের বাজি হেরে ব্রিটিশ এয়ারের লোগো বসাল নরওয়েজিয়ান এয়ার!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১১:৫১ পিএম
বিশ্বকাপের বাজি হেরে ব্রিটিশ এয়ারের লোগো বসাল নরওয়েজিয়ান এয়ার!

নরওয়েজিয়ান এয়ারলাইন্সের অফিসিয়াল ইন্সটাগ্রামে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ছবি: ইন্সটাগ্রাম

বিশ্বকাপ ফুটবল মানেই গ্যালারি ছাড়িয়ে মাঠের বাইরেও উন্মাদনার পারদ তুঙ্গে। ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব, আর এই জোয়ারে গা ভাসাতে বাদ যাচ্ছেন না কেউ। প্রিয় দলের সমর্থনে ভক্ত-সমর্থকদের নানা পাগলামির মাঝে এবার যুক্ত হলো সম্পূর্ণ ভিন্নধর্মী ও অভিনব এক ঘটনা। মাঠের লড়াই শুরুর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জমজমাট এক বাজি ধরেছিল দুই দেশের দুটি নামী বিমান সংস্থা— ‘নরওয়েজিয়ান এয়ার’ ও ‘ব্রিটিশ এয়ারওয়েজ’।

তবে বাজির শর্তটি ছিল বেশ মজার। কোয়ার্টার ফাইনালের ম্যাচে যে দেশ হারবে, তাদের বিমান সংস্থাকে ২৪ ঘণ্টার জন্য নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার বদলে বিজয়ী দেশের বিমান সংস্থার লোগো দিতে হবে।

গত শনিবার মায়ামিতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে ইংল্যান্ড। আর দল হারায় বাজি অনুযায়ী মাথা নত করতে হয় নরওয়েজিয়ান এয়ারকে। প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়ে তারা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার পরিবর্তন করে সেখানে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো বসিয়ে দেয়।

ঘটনার সূত্রপাত গত ৮ জুলাই। নরওয়েজিয়ান এয়ার বেশ বুক ফুলিয়েই ইনস্টাগ্রামে প্রথম চ্যালেঞ্জটি ছুঁড়ে দিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের দিকে। জবাবে বেশ আত্মবিশ্বাসের সুরেই ব্রিটিশ এয়ারওয়েজ মন্তব্য করেছিল, ‘এমন কোনো বাজি ধরবেন না যা আপনি জিততে পারবেন না!’

বাজি নিয়ে দুই সংস্থার রসায়ন এতটাই জমে উঠেছিল যে, ম্যাচ শুরুর আগেই দুই প্রতিষ্ঠানের আইনি দল হিথ্রো বিমানবন্দরের কাছে ব্রিটিশ এয়ারওয়েজের সদরদপ্তরে হাজির হয়। সেখানে ইউএসবি ড্রাইভের মাধ্যমে তারা একে অপরের লোগো ফাইল বিনিময় করে রাখে, যাতে হারার পর দ্রুত তা কার্যকর করা যায়।

ফিফার অফিশিয়াল স্পন্সরশিপের পেছনে কোটি কোটি টাকা খরচ না করেও এই দুই বিমান সংস্থার বন্ধুত্বপূর্ণ ও রসাত্মক লড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তাদের এই মজার যুদ্ধ দেখে লোভ সামলাতে পারেনি অন্যান্য বৈশ্বিক বিমান সংস্থাগুলোও। মালয়েশিয়া এয়ারলাইনস, কান্টাস, সুইস এবং এয়ারবাল্টিকের মতো বড় বড় বিমান সংস্থাগুলোও এই পোস্টে মন্তব্য করে প্রচারণায় অংশ নেয়, যা মুহূর্তেই একে বিশ্বজুড়ে ভাইরাল করে তোলে।

বাজি হেরে শুধু লোগো পরিবর্তন করেই ক্ষান্ত হয়নি নরওয়েজিয়ান এয়ার। এই পরাজয়কে আক্ষেপের বদলে উদযাপনে রূপ দিতে তারা ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এসেছে দারুণ এক সারপ্রাইজ। যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যকার সব ফ্লাইট রুটে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে এই বিমান সংস্থাটি। মাঠের লড়াইয়ে নরওয়ে হারলেও, এমন দারুণ প্রচারণায় নেটিজেনদের মন ঠিকই জিতে নিয়েছে নরওয়েজিয়ান এয়ার।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)