ক্রীড়া ডেস্ক
ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রাম একাউন্টে ছবি পোস্ট করে অনুভূতি প্রকাশ করেন লিওনেল মেসি ছবি: ইন্সটাগ্রাম/লিওনেল মেসি
কেপ ভার্দে ও মিশরের পর এবার সুইজারল্যান্ড। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়রথ সচল থাকলেও, প্রতিটি ম্যাচেই তাদের পরীক্ষা দিতে হচ্ছে চরমভাবে। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমে লিড নিয়েও তা ধরে রাখতে না পারায় একপর্যায়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছিল। তবে সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
এমন রোমাঞ্চকর ও কষ্টার্জিত জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি অকপটে স্বীকার করেছেন যে, ম্যাচে তাদের বেশ ভুগতে হয়েছে। তবে একই সাথে দলের 'নেভার গিভ আপ' বা হার না মানা মানসিকতার প্রশংসাও করেছেন তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মেসি লেখেন:
“আমাদের আবারও কঠিন পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু এই দলটি বিশ্বাস হারায়নি। আমরা আবারও বিশ্বের সেরা চারের মধ্যে জায়গা করে নিয়েছি! এগিয়ে চলো!”
কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কোয়ার্টার-ফাইনাল ম্যাচের দশম মিনিটেই মেসির চমৎকার অ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ড্যান এনডয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
ম্যাচের ৭২ মিনিটে ব্রিল এমবলো লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। একজন কম নিয়ে খেললেও ইনজুরি টাইমসহ প্রায় ২৫ মিনিটেরও বেশি সময় আর্জেন্টিনাকে আটকে রাখে সুইস রক্ষণভাগ। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও হুলিয়ান আলভারেজ ও মেসিরা প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হন।
অবশেষে ১১২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে হুলিয়ান আলভারেজের এক দুর্দান্ত শটে লিড নেয় আর্জেন্টিনা। এরপর অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন লাউতারো মার্তিনেজ।
শ্বাসরুদ্ধকর এই জয়ের পর আনন্দের জোয়ারে ভাসেন মেসি। ম্যাচ শেষে তিনি বলেন:
“এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত। অনেক পরিশ্রম ও লড়াই করে এই জয় পেতে হয়েছে। আমরা জানতাম ম্যাচটি ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”
ম্যাচ জয়ের পর গ্যালারির কাছে গিয়ে আলবিসেলেস্তে সমর্থকদের সাথে উদযাপনে মাতেন মেসি-আলভারেজরা। দলের মানসিক শক্তির জন্য এটি খুব প্রয়োজন ছিল উল্লেখ করে মেসি বলেন, পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানসিকভাবে স্বস্তিতে থাকার জন্য এই জয়টি তাদের জন্য অত্যন্ত জরুরি ছিল।