ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
পুরো বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপ-জ্বরে কাঁপছে। এবারের বিশ্বকাপে ব্রাজিল দারুণ ছন্দে থাকায় দেশটির ফুটবল সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে যথেষ্ট উচ্ছ্বাস-উদ্দীপনা। ঠিক এই সময়ে নকল জার্সি ও বিশ্বকাপের নকল স্টিকার উদ্ধার করতে করতেই দেশটির কাস্টমস ও পুলিশ কর্মকর্তাদের ব্যস্ত সময় কাটছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র আজকের এক প্রতিবেদনে জানা গেছে বিশ্বকাপের সময় দেশটিতে চলমান নকল সরঞ্জাম জব্দ অভিযান নিয়ে। গত কয়েক মাসে দেশজুড়ে পরিচালিত এসব অভিযানে প্রায় ১০ লাখ নকল ব্রাজিল জাতীয় দল ও বিভিন্ন ক্লাবের জার্সি জব্দ করা হয়েছে। যেখানে জব্দ করা ব্রাজিল জাতীয় দলের জার্সিগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় তা ১১৮ কোটি ৩৭ লাখ টাকা।
সাও পাওলো, রিও ডি জেনিরো এবং রোরাইমা অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ব্রাজিলের ফেডারেল রেভিনিউ সার্ভিস শতকোটি টাকা মূল্যের জার্সি জব্দ করেছে। কর কর্তৃপক্ষের মতে এসব অভিযানের ফলে প্রায় ৩ কোটি ৯০ লাখ রিয়াল কর ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বাংলাদেশি হিসেবে তা ৯২ কোটি ৪২ লাখ টাকা।
পোর্ট অব সান্তোস, পোর্ট অব রিও ডি জেনিরো, গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দর ও বোয়া ভিস্তার এক মহাসড়কে সংঘটিত চারটি বড় জব্দ অভিযানের হিসাব অন্তর্ভুক্ত করেই জব্দ জার্সির মূল্য হিসাব করা রয়েছে। এসব অভিযানে ৯ লাখ ৬৫ হাজার ৫০০টির বেশি ব্রাজিলিয়ান ক্লাব ও জাতীয় দলের জাল জার্সি উদ্ধার করা হয়েছে।
২৭ মে সর্বোচ্চ পরিমাণে অবৈধ জার্সি জব্দ অভিযান পরিচালিত হয়েছিল। সেখানে পরিদর্শকেরা একটি কনটেইনার থেকে এক টনের বেশি নকল দলীয় জার্সি জব্দ করেন। সেই চালানে ১ লাখ ২০ হাজারের বেশি নকল পণ্য ছিল।
বিশ্বকাপের সময় নকল পণ্য দমনে নিয়োজিত কর্তৃপক্ষ শুধু জার্সি জব্দ নয়, পাশাপাশি অবৈধ পণ্য জব্দ করার অভিযান চালাচ্ছে। ৩ লাখ ৩৫ হাজারের বেশি অবৈধ স্টিকার ও অ্যালবাম জব্দ করা হয়েছে। এ ছাড়া বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে অনলাইনভিত্তিক জুয়ার কার্যক্রমও চলছে। ফেডারেল সংস্থাগুলো এসব কার্যক্রম বন্ধে অভিযান জোরদার করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনিয়মিত কনটেন্ট নিয়মিত ব্লক করা হচ্ছে।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরুর পর তুমুল সমালোচনার মুখে পড়ে ব্রাজিল। সেই সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। হাইতি, স্কটল্যান্ড—দুই দলের বিপক্ষেই ৩-০ গোলে জেতে ব্রাজিল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল নকআউট পর্বে খেলবে ‘এফ’ গ্রুপ রানার্সআপ জাপানের বিপক্ষে। হিউস্টনে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে শেষ বত্রিশের ব্রাজিল-জাপান ম্যাচ।