ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমের প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সূর্যবংশী ছবি: বিসিসিআই
আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের লড়াই মানেই যেন অরেঞ্জ ক্যাপের তালিকায় ওলটপালট। গত মঙ্গলবার চণ্ডীগড়ে এই দুই দলের লড়াইয়ের পর আবারও পাল্টে গেছে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারির সমীকরণ।
শীর্ষে বৈভব সূর্যবংশী
১৬ বলে ৪৩ রানের এক টর্নেডো ইনিংস খেলে আবারও অরেঞ্জ ক্যাপ নিজের দখলে নিয়েছেন বৈভব সূর্যবংশী। পাঁচটি বিশাল ছক্কায় সাজানো এই ইনিংসের মাধ্যমে চলতি মৌসুমের প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
মৌসুমের শুরুতে টানা ৫২, ৩১, ৩৯ এবং ৭৮ রানের দুর্দান্ত ইনিংসের পর কিছুটা ফর্ম হারিয়েছিলেন তিনি। তবে শেষ তিন ইনিংসে ৪৬, ১০৩ এবং সর্বশেষ ৪৩ রান করে রাজকীয়ভাবে সিংহাসন পুনরুদ্ধার করেছেন এই তরুণ তুর্কি।
অরেঞ্জ ক্যাপের সেরা পাঁচ:
বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) ৪০৩ রান
অভিষেক শর্মা (সানরাইজার্স হায়দ্রাবাদ) ৩৮০ রান
কে এল রাহুল (দিল্লি ক্যাপিটালস) ৩৫৮ রান
বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) ৩৫১ রান
হেইনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দ্রাবাদ) ৩৪৯ রান
পাঞ্জাবের প্রভসিমরান সিং ৫৯ রানের লড়াকু ইনিংস খেলে ৩৪৬ রান নিয়ে রয়েছেন তালিকার ৬ নম্বরে। অন্যদিকে, ৩০৯ রান নিয়ে ১০ নম্বরে অবস্থান করছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
পার্পল ক্যাপের শীর্ষ চারঃ
উইকেট শিকারির তালিকায় লড়াইটা এখন সমানে সমান। পাঞ্জাবের প্রিয়াংশ আর্যকে আউট করে নিজের ১৪তম উইকেট তুলে নিয়েছেন রাজস্থানের জোফরা আর্চার। ফলে ১৪ উইকেট নিয়ে এখন টেবিলের শীর্ষে যৌথভাবে অবস্থান করছেন চারজন বোলার।
জোফরা আর্চার: ১৪ উইকেট (ইকোনমি ৮.২৭)
ভুবনেশ্বর কুমার: ১৪ উইকেট (ইকোনমি ৭.৬১)
অংশুল কম্বোজ: ১৪ উইকেট (ইকোনমি ৮.৫৬)
এশান মালিঙ্গা: ১৪ উইকেট (ইকোনমি ৯.৪৪)
তালিকার ঠিক পেছনেই ১৩টি করে উইকেট নিয়ে কড়া প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিচ্ছেন এলএসজি-র প্রিন্স যাদব এবং গুজরাট টাইটান্সের কাগিসো রাবাদা। আইপিএল ২০২৬-এর মাঝপথে এসে অরেঞ্জ ও পার্পল ক্যাপের এই জমজমাট লড়াই টুর্নামেন্টে বাড়তি উত্তেজনা যোগ করছে।