Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চট্টগ্রামে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের, কিউই অধিনায়কত্বে ফের কেলি

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ১১:০৬ পিএম
চট্টগ্রামে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের, কিউই অধিনায়কত্বে ফের কেলি

প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিং বাংলাদেশকে সহজ জয় এনে দিয়েছিলো ছবি: গেটি ইমেজেস

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের পথে বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে উঠতে পারে বৃষ্টি। প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে দেখা গেল গত এক বছরের চেনা ছকের বাইরের এক বিধ্বংসী চেহারা। তানজিদ হাসান ও সাইফ হাসান দ্রুত শুরু না দিলেও তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ও শামীম হোসেনের দুরন্ত পাল্টা আক্রমণে দুই ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা। যদিও নিজেদের আগ্রাসী বোলিং পরিকল্পনাটি নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে, কারণ কিউইদের রান আটকাতে বেশ বেগ পেতে হয়েছে।

নিউজিল্যান্ডকে আশা জোগাচ্ছেন কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভারের অর্ধশতক। উইকেটের দুই পাশেই নানা শটে নিজেদের সামর্থ্য দেখিয়েছেন দুই ব্যাটসম্যান। পরে অধিনায়ক নিক কেলির শেষ দিকের ঝড় কিউই সংগ্রহকে লড়াইয়ের পুঁজি দেয়। তবে তাদের বোলিংও ছিল ঠিক ততটাই খাপছাড়া। বেন লিস্টার শুরুতে ভালো করলেও বাকিরা চাপ ধরে রাখতে পারেননি, ইশ সোধির মতো অভিজ্ঞ স্পিনারও প্রতি ওভারে দশের বেশি রান দেন। সব মিলিয়ে নিউজিল্যান্ডের গভীরতার আরেকটি পরীক্ষাই হতে যাচ্ছে এই ম্যাচ।

বিশেষ নজরে থাকবেন শামীম হোসেন ও কাটেনে ক্লার্ক

প্রথম ম্যাচে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে ছক্কা মারার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ১৩ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসে দারুণ টাইমিংয়ের পরিচয় দিয়েছেন শামীম। এই ইনিংস জানান দিচ্ছে, ম্যাচ শেষ করার দুর্দান্ত দক্ষতা আছে তাঁর। সঙ্গে অসাধারণ ফিল্ডিং ও কাজে লাগানো যায় এমন বোলিং— সাদা বলের ক্রিকেটে তাই দারুণ এক সম্পদ তিনি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই সাবলীল কাটেনে ক্লার্ক। ৩৪ বলে প্রথম অর্ধশতকে স্কয়ার-কাট, মিডউইকেটে চিপ ও রিভার্স শটে মুগ্ধ করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তাঁর বিরুদ্ধে লেন্থে বৈচিত্র্য এনে চাপ বাড়াতে পারে।

দলীয় খবর

বাংলাদেশের একাদশে বদলের কোনো কারণ নেই। তানজিদ, সাইফ, পারভেজ, লিটন (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ, শামীম, মাহেদি, রিশাদ, তানজিম, শরিফুল ও রিপন— এই দল নিয়েই নামার সম্ভাবনা স্বাগতিকদের।

নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। তিনি সুস্থ না হলে আবারও দলকে নেতৃত্ব দেবেন নিক কেলি। দলের সমন্বয়ে বদল আনতে চাইলে বাঁহাতি স্পিনার জেডেন লেনক্সেরও সুযোগ হতে পারে।

পিচ ও আবহাওয়া

চট্টগ্রামের উইকেট চিরাচরিত চরিত্র ধরে রেখেছে— ব্যাটিংবান্ধব সমতল মাঠ। কিন্তু দুশ্চিন্তার মূল কারণ আকাশ। ম্যাচের আগের দিন মঙ্গলবার টানা বৃষ্টি হয়েছে, আর খেলার দিনও বৃষ্টির পূর্বাভাস আছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)