ধ্রুব স্পোর্টস ডেস্ক
২০২৬ মৌসুমের শুরুটা যে এমন দুঃস্বপ্নের মতো হবে, তা হয়তো কল্পনাও করেননি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্ট্যাপেন। জাপানিজ গ্র্যান্ড প্রিক্সের কোয়ালিফাইং সেশনে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন তিনি। আর তাকে এলিমিনেশন জোনে ঠেলে দিয়েছেন খোদ রেড বুলেরই জুনিয়র টিমের রুকি চালক আরভিড লিন্ডব্লাড।
রেসিং বুলসের হয়ে ক্যারিয়ারের প্রথম মৌসুম শুরু করা তরুণ আরভিড লিন্ডব্লাড সেশনের একেবারে শেষ মুহূর্তে দুর্দান্ত এক ল্যাপ দিয়ে ভারস্ট্যাপেনকে ছিটকে দেন। এর ফলে রোববার মূল রেসে ১১ নম্বর পজিশন থেকে স্টার্ট করতে হবে ডাচ এই তারকাকে। সুজুকায় টানা চারবার পোল পজিশন জেতার যে রেকর্ড ভারস্ট্যাপেনের ছিল, আজকের এই বিদায়ে তার অবসান ঘটল।
পুরো কোয়ালিফাইং সেশন জুড়েই ভারস্ট্যাপেনকে তার গাড়ির নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেতে দেখা গেছে। অনবোর্ড ক্যামেরায় দেখা যায়, সুজুকার বিখ্যাত ‘এসেস’ এবং ‘স্পুন হেয়ারপিন’ বাঁকগুলোতে গাড়ি বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছিল। পিটে ফেরার সময় রেডিওতে দলকে নিজের ক্ষোভের কথা জানিয়ে ভারস্ট্যাপেন বলেন:
"গাড়িতে বড় কোনো সমস্যা আছে বন্ধু। এটা চালানো এখন পুরোপুরি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।"
মৌসুমের শুরু থেকেই ধুঁকতে থাকা চারবারের এই বিশ্বচ্যাম্পিয়ন এখন আর কেবল হতাশ নন, বরং ভাষা হারিয়ে ফেলেছেন। কোয়ালিফাইং শেষে সাংবাদিকদের তিনি বলেন:
"আমি এখন আর কেবল হতাশ নই, আমি তার চেয়েও অনেক বেশি কিছু অনুভব করছি। ইংরেজিতে এর সঠিক কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। এমনকি ডাচ ভাষাতেও হয়তো এমন কোনো শব্দ নেই যা দিয়ে এই অবস্থা বোঝানো যায়।"
২০২৬ এর নতুন প্রজন্মের এফ-ওয়ান গাড়ি নিয়ে আগে থেকেই অসন্তুষ্ট ভারস্ট্যাপেন। এই গাড়ির এনার্জি হার্ভেস্টিং এবং ব্যাটারি বুস্টিং সিস্টেমকে তিনি জনপ্রিয় গেম ‘মারিও কার্ট’-এর মাশরুম সংগ্রহের সাথে তুলনা করে ব্যঙ্গ করেছেন। তার মতে, বর্তমান গাড়িগুলো রেসিংয়ের আসল আনন্দ নষ্ট করে দিচ্ছে।
দুই সপ্তাহ আগে চীন গ্র্যান্ড প্রিক্সেও গাড়ি চালানোকে ‘সারভাইভাল মোড’ বা টিকে থাকার লড়াই হিসেবে বর্ণনা করেছিলেন তিনি। রেড বুল তাদের এই সমস্যা কাটিয়ে উঠতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।
ধ্রুব/এস.আই