ধ্রুব ডেস্ক
দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের মাঝে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং বাজার কারসাজি রোধে এক অভাবনীয় ঘোষণা দিয়েছে সরকার। জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীদের জন্য ১ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেসব ব্যক্তি অবৈধভাবে জ্বালানি মজুত এবং পাচার সংক্রান্ত ‘সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য’ দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবেন, তারা এই নগদ অর্থ পুরস্কার বা প্রণোদনা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। মূলত জ্বালানি সরবরাহ শৃঙ্খলে—বিশেষ করে তেলের ডিপো, ফিলিং স্টেশন এবং পরিবহন রুটগুলোতে নজরদারি জোরদার করতে এবং অনিয়ম রোধে সাধারণ মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করতেই এই বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা।
এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকার জ্বালানি তেলের অবৈধ মজুতদারি এবং পাচারের সাথে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে দেশ যখন একটি কঠিন জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি করে বাজার কারসাজি রুখতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে জেলাগুলোতে বিশেষ নজরদারি দল বা ‘ভিজিল্যান্স টিম’ গঠন করা হয়েছে এবং নিয়মিত পরিদর্শন তদারকি করা হচ্ছে।