Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শিরোপা জয়ের পর জ্ঞান হারালেন লিয়ান্দ্রো পারেদেস

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৫:৫৭ পিএম
শিরোপা জয়ের পর জ্ঞান হারালেন লিয়ান্দ্রো পারেদেস

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ছবি: সংগৃহীত

কোপা সুদামেরিকানার শিরোপা জয়ের আনন্দ উদ্‌যাপনের মধ্যেই বড় দুশ্চিন্তায় পড়েছে বোকা জুনিয়র্স। শিরোপা নিশ্চিত হওয়ার পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। কলম্বিয়ার বারানকিয়ার প্রচণ্ড গরম ও অসহনীয় আর্দ্রতার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত চিকিৎসা দেওয়ার পাশাপাশি উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা ঘরে তোলে বোকা জুনিয়র্স। ক্লাবটির জার্সিতে এটিই ছিল পারেদেসের প্রথম আন্তর্জাতিক শিরোপা। কিন্তু ক্যারিয়ারের এই বিশেষ মুহূর্ত উদ্‌যাপনের আগেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ম্যাচ শেষে ডিএসপোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার একপর্যায়ে হঠাৎ সংজ্ঞা হারিয়ে টানেলের মধ্যে পড়ে যান ৩২ বছর বয়সী এই ফুটবলার।

ঘটনার পরপরই তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই জ্ঞান ফিরে পান পারেদেস। এরপর নিজেই উঠে দাঁড়িয়ে হেঁটে দলের ড্রেসিংরুমে চলে যান। তবে শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ পরীক্ষা নিশ্চিত করতে কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে তাকে কাছের একটি ক্লিনিকে নেওয়া হয়।

পারেদেসের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ তৈরি হয় দলের মধ্যে। এমনকি আর্জেন্টিনার উদ্দেশে বোকা জুনিয়র্সের নির্ধারিত যাত্রাও বিলম্বিত হয়। সতীর্থের শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত হতে এবং তার পাশে থাকতে দলের অন্য সদস্যরা অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।

এদিকে ভক্তদের উদ্বেগের মধ্যেই হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার খবর জানান পারেদেস। স্ট্রেচারে শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমরা ভালো আছি। ভামোস বোকা! আজ এবং সব সময়।’ তার এই বার্তায় কিছুটা স্বস্তি ফিরে আসে সমর্থকদের মধ্যে।

অবশ্য ফাইনাল চলাকালেই পারেদেসের শারীরিক অস্বস্তির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল। বারানকিয়ার তীব্র গরম ও উচ্চ আর্দ্রতার সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছিল তাকে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার সিদ্ধান্ত জানান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পরে তার পরিবর্তে মাঠে নামেন তোমাস বেলমন্তে।

মাঠ ছাড়ার পরও স্বস্তিতে ছিলেন না পারেদেস। বদলি বেঞ্চে বসে সতীর্থদের কাছ থেকে চিকিৎসা নিতে হয় তাকে। তার অবস্থা বিবেচনায় সতীর্থ আদাম বারেইরো ও রদ্রিগো বাত্তালিয়া নিজেদের জার্সি দিয়ে বাতাস করতে থাকেন। পাশাপাশি তার ঘাড়ের পেছনে বরফের প্যাক দেওয়া হয়, যাতে শরীরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন বোকা জুনিয়র্সের কোচ রোদলফো আরুয়াবারেনা। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে শারীরিকভাবে ধকল সামলাতে না পেরে পারেদেস নিজেই বদলি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কোচ বলেন, ‘আমি তাকে ড্রেসিংরুমের দিকে যেতে দেখেছি। প্রথমার্ধের শেষ দিকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল এবং সে ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা উন্নতি হলেও দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর থেকেই বোঝা যাচ্ছিল, বল মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে তার সমস্যা হচ্ছে। সে খুবই সৎ এবং নিজেই বদলি হওয়ার অনুরোধ করেছে। একটু আগেই জানতে পেরেছি, তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছিল।’

সব মিলিয়ে শিরোপা জয়ের আনন্দের রাতটি বোকা জুনিয়র্সের জন্য পরিণত হয় উদ্বেগের ঘটনায়। মাঠের লড়াইয়ে জয় পেলেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় পারেদেসের অসুস্থতা নতুন করে চিন্তায় ফেলেছে ক্লাবটিকে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)