Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হাতাহাতি-বোতল নিক্ষেপ, ছয় লাল কার্ডে রণক্ষেত্র ফুটবল মাঠ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৬:৪০ পিএম
হাতাহাতি-বোতল নিক্ষেপ, ছয় লাল কার্ডে রণক্ষেত্র ফুটবল মাঠ

মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মাটিতে নিউইয়র্ক রেড বুলস ও মেক্সিকোর ক্লাব আমেরিকার মধ্যকার একটি প্রীতি ম্যাচ প্রীতি সীমানা ছাড়িয়ে রূপ নিয়েছিল রণাঙ্গনে। খেলোয়াড়দের মারামারি, গ্যালারি থেকে বোতল-কাপ নিক্ষেপ আর শেষ পর্যন্ত রেকর্ড ছয়টি লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে উত্তেজনার পারদ চড়েছিল চরমে। তবে এত সব হাঙ্গামার পরও নেহুয়েন বেনেদেত্তির একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড বুলস।

​ম্যাচটি যখন শেষের পথে, তখনই দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন নিউইয়র্ক রেড বুলসের অ্যান্ডি রোহাস ঘুসি মারেন ক্লাব আমেরিকার দাগোবার্তো এসপিনোজাকে। এই একটিমাত্র ঘটনায় মুহূর্তেই পুরো মাঠ রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে এক খেলোয়াড় প্রতিপক্ষকে ধাওয়া করতে করতে গোলপোস্টের পেছন পর্যন্ত চলে যান।

​মাঠের এমন সহিংস ও উত্তপ্ত পরিস্থিতিতে উত্তেজনার ঢেউ আছড়ে পড়ে গ্যালারিতেও। দর্শকেরা ক্ষিপ্ত হয়ে খেলোয়াড়দের লক্ষ্য করে স্টেডিয়ামের ভেতর থেকেই কাপ ও বোতল ছুড়তে থাকেন। শেষ পর্যন্ত দুই দলের কোচ ও সাইডবেঞ্চের খেলোয়াড়েরা মাঠে ছুটে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। রেফারি বাধ্য হয়ে দুই দলের মোট ছয়জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

​শাস্তির খড়গে দুই দলই হারায় তিনজন করে গুরুত্বপূর্ণ ফুটবলার। নিউইয়র্ক রেড বুলসের নেহুয়েন বেনেদেত্তি, রোনাল্ড ডনকর এবং অ্যান্ডি রোহাস লাল কার্ড দেখেন। অন্যদিকে ক্লাব আমেরিকার পক্ষে এমিলিও লারা, রামন হুয়ারেস ও দাগোবার্তো এসপিনোজাকেও মাঠ ছাড়তে হয়। ফলে শেষ পর্যন্ত উভয় দলকেই আটজন নিয়ে ম্যাচটি শেষ করতে হয়।

​সবকিছু ছাপিয়ে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন রেড বুলসের নেহুয়েন বেনেদেত্তি। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় এই নজিরবিহীন ঘটনাকে ফুটবলের আবেগ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেই দেখছেন নিউইয়র্ক রেড বুলস কোচ মাইকেল ব্র্যাডলি। প্রীতি ম্যাচ হলেও প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে মাঠে নামার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা ফুটবল, এখানে সব সময়ই আবেগ কাজ করে। মানুষ প্রায়ই বলে ফুটবলে কোনো প্রকৃত প্রীতি ম্যাচ নেই। কিন্তু এর মানে কী? রেফারির বাঁশি বাজার পর আপনি যখন খেলার সুযোগ পাবেন, তখন জিততেই চাইবেন। বড় একটি দলের বিপক্ষে রোমাঞ্চকর এই রাতে কিছুটা আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, যা মাঝেমধ্যে ফুটবলেরই অংশ।’

​ফুটবলে লাল কার্ডের বিশ্বরেকর্ড

এক ম্যাচে ছয় লাল কার্ডের এই চাঞ্চল্যকর ঘটনা ফুটবল বিশ্বে আলোড়ন তুললেও, চলতি মাসেই এর চেয়েও অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হয়েছে ব্রাজিল। গত ৪ আগস্ট ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উবেরল্যান্ডিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে রেফারি একসঙ্গে মোট ৫১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখান।

​স্পেনভিত্তিক সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ৫৪ মিনিটে দুই দলের খেলোয়াড়েরা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়লে ম্যাচটি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি। মাঠের প্রায় সব খেলোয়াড় হাতাহাতিতে অংশ নেওয়ায় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

​এক ম্যাচে একসঙ্গে ৫১ জনের লাল কার্ড দেখার এই অবিশ্বাস্য ঘটনাটি ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনার একটি ম্যাচে ৩৬ জন খেলোয়াড় লাল কার্ড দেখে এতদিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শীর্ষে অবস্থান করছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)