ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের তৈরি পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষের জেরে চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে কারখানাগুলো। উৎপাদন ব্যাহত হওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মিলিয়ে মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানার সরাসরি লোকসান দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকা (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার)। একই সময়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা (২৫৪ মিলিয়ন ডলার) মূল্যের রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষয়ক্ষতির এই ভয়াবহ চিত্র তুলে ধরে।
বিজিএমইএ জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত অক্টোবর থেকেই শ্রমিকরা আন্দোলন শুরু করলেও চলতি নভেম্বরের শুরু থেকে তা ব্যাপক আকার ধারণ করে। মূলত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর—এই ১৮ দিনের অস্থিরতায় কারখানাগুলোর কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছিল। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানার পাঠানো প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে ক্ষয়ক্ষতির এই হিসাব তৈরি করা হয়েছে।
সংগঠনটি আরও জানায়, সরাসরি এই আর্থিক লোকসানের বাইরেও নির্ধারিত সময়ে পণ্য ডেলিভারি দিতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন চরম অনিশ্চয়তায় পড়েছে। বিদেশি ক্রেতাদের আস্থা ও ক্রয়াদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের এখন লোকসান দিয়ে ব্যয়বহুল আকাশপথে (এয়ার শিপমেন্ট) পণ্য পাঠাতে হচ্ছে। এছাড়া বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া কিংবা সরাসরি অর্ডার বাতিল হয়ে যাওয়ার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে তাদের, যার আর্থিক মূল্য এই প্রাথমিক হিসাবে যুক্ত করা হয়নি।
প্রকৃত ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি উল্লেখ করে বিজিএমইএ জানায়, এই জরিপের তথ্য সামগ্রিক বিপর্যয়ের একটি আংশিক চিত্র মাত্র। সংগঠনের নিজস্ব পর্যবেক্ষণ অনুযায়ী, চলমান অস্থিরতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ছয় শতাধিক। কিন্তু স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা তাদের তথ্য জমা দিতে পেরেছে। পাশাপাশি জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে সামগ্রিক ক্ষতির অঙ্ক বর্তমান হিসাবকে আরও বড় ব্যবধানে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।