শার্শা প্রতিনিধি
প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
যশোরের সীমান্তবর্তী শার্শায় বিশেষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মো:আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম বিকাশ’ নামক প্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো:আরিফ হোসেনের নেতৃত্বে এবং শার্শা থানার পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।
আটক মো:আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালি এলাকার বাসিন্দা।
এসব বিষয়ে বুধবার দুপুর ১টায় শার্শা থানা পুলিশের কনফারেন্স রুমে ব্রিফিং করেন নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন। এ সময় তিনি জানান, অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা আলামত তল্লাশি করে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।