Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মেয়েদের মেসে তুলকালাম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ১১:২৪ পিএম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ১২:২৬ এ এম
যশোরে মেয়েদের মেসে তুলকালাম

যশোর সরকারি মহিলা কলেজ এলাকার একটি ছাত্রী মেসের মালিকের দুর্ব্যবহার ও অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে মেসের মূল ফটকে তালা লাগিয়ে ছাত্রীদের ভেতরে আটকে রাখার অভিযোগ ওঠে মেস মালিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মেস মালিক কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
কোতয়ালি থানার এসআই রাইসুল ইসলাম জানান, সরকারি মহিলা কলেজ এলাকায় আনোয়ার হোসেনের পাঁচতলা একটি ভবন রয়েছে। ভবনের কয়েকটি ফ্ল্যাটে তিনি ছাত্রীদের মেস হিসেবে ভাড়া দিয়েছেন। কয়েকজন ছাত্রী পুলিশের কাছে অভিযোগ করেন, মেস মালিক তাদের সঙ্গে ভালো আচরণ করেন না। বিভিন্ন সময় তিনি আকারে-ইঙ্গিতে অশ্লীল প্রস্তাব দিয়ে থাকেন বলেও অভিযোগ করেন তারা।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একজন ছাত্রী মেস ছেড়ে চলে যেতে চাইলে আনোয়ার হোসেন তার কাছে দুই মাসের ভাড়া পাওনা রয়েছে বলে দাবি করেন। এ নিয়ে ওই ছাত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হলে অন্য ছাত্রীরা তার পক্ষ নেন। তারা মেস মালিকের এমন আচরণের প্রতিবাদ করেন।
এরই একপর্যায়ে মেসের কোনো ছাত্রী যাতে বাইরে বের হতে না পারেন, সেজন্য মূল গেটে তালা লাগিয়ে দেন আনোয়ার হোসেন। এতে মেসের ভেতরে হট্টগোল শুরু হয়। পরে কেউ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মেস মালিক আনোয়ার হোসেন কৌশলে সেখান থেকে সরে পড়েন। পরে পুলিশ চাবি সংগ্রহ করে গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় পুলিশ ছাত্রীদের সঙ্গে কথা বলে এবং তাদের অভিযোগ শোনে।
এসআই রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় মেসের কোনো ছাত্রী লিখিত অভিযোগ দিতে রাজি হননি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)