বেনাপোল প্রতিনিধি
প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মনিরুল ইসলাম (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) মালয়েশিয়ায় তার নিজ কর্মস্থলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের দাবি, ভিডিও কলে প্রথম স্ত্রীর সঙ্গে তীব্র বাগ্বিতণ্ডার একপর্যায়ে আত্মহত্যা করেন মনিরুল।
নিহত মনিরুল ইসলাম যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল্লাহর ছেলে। তিনি গত দুই বছর ধরে মালয়েশিয়ায় ক্রেনচালক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে শার্শার ব্র্যাক কার্যালয়ের সামনের রেললাইন এলাকার জুব্বার আলীর মেয়ে খাদিজা খাতুনের (৩০) সঙ্গে মনিরুলের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি মাটিপুকুর গ্রামের তাইজেল ইসলামের মেয়ে তাসলিমা খাতুনকে (২৭) বিয়ে করেন। তাদের সংসারে তাসকিন (৭) ও তাবাসসুম (৪) নামের দুটি সন্তান রয়েছে।
তবে পরিবারের অজান্তেই প্রায় ছয় মাস আগে প্রথম স্ত্রী খাদিজাকে পুনরায় বিয়ে করেন মনিরুল। দ্বিতীয় স্ত্রী ও স্বজনদের বিষয়টি না জানানোর পর থেকেই তিনি দেশের বাড়িতে পরিবারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।
স্বজনদের ভাষ্যমতে, সোমবার কোনো একটি বিষয় নিয়ে ভিডিও কলে খাদিজার সঙ্গে মনিরুলের তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কল চালু থাকা অবস্থাতেই চরম পথ বেছে নেন তিনি। পরে তার কর্মস্থলের সহকর্মীরা বিষয়টি দেশে থাকা স্বজনদের জানান।
মনিরুলের এই আকস্মিক মৃত্যুর খবর পান্তাপাড়া গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুটি ছোট সন্তানকে বুকে জড়িয়ে অবুঝ দৃষ্টিতে কান্নায় ভেঙে পড়েছেন দ্বিতীয় স্ত্রী তাসলিমা খাতুন।