কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মো. তবিবার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত তবিবার হোসেন উপজেলার মল্লিকপুর গ্রামের মো. নবিছদ্দিন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মল্লিকপুর মাঠে কাজ করার সময় তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, চাচাতো ভাই ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাত্ব হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে, তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ডের পর মল্লিকপুর গ্রামে চরম শোক ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।