নিজস্ব প্রতিবেদক
আটক একজন ছবি: ধ্রুব নিউজ
পৃথক দুটি মাদক মামলায় দুজনকে ভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন যশোরের একটি আদালত। বুধবার (১২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আলাদা রায়ে এ সাজা ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার সাদিপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন এবং যশোর শহরের বারান্দী মাঠপাড়ার ওসমান খানের ছেলে জনি খান (রনি)।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২১ জানুয়ারি রাত পৌনে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই আব্দুর রহিম হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর-রঘুনাথপুর রোডের পুকুরকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আলমগীর হোসেনকে আটক করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি আলমগীর হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত আলমগীর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
অন্য মামলাটিতে, ২০১৭ সালের ১৪ জুন দুপুর পৌনে ২টার দিকে যশোর সিআইডির এসআই ফিরোজ একতেয়ার সাহেদ শহরের বারান্দী খালধার রোডে অভিযান চালিয়ে জনি খানকে (রনি) আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হলে সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত রনিও জামিনে গিয়ে পলাতক রয়েছেন।