নিজস্ব প্রতিবেদক
ঢাকা থেকে আনা ২৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের স্বর্ণের বার যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ১১৬ দশমিক ৬২ গ্রাম।
বুধবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটে যশোর-চৌগাছা মহাসড়কের চুড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হাসান কবীর নয়ন (৩০)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
৪৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাকা সড়কে অভিযান চালায় বিজিবির একটি বিশেষ দল। এ সময় হাসান কবীর নয়নকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ও নগদ ১৭০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান কবীর নয়ন স্বীকার করেন, ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তাঁর।
বিজিবি জানিয়েছে, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। মোবাইল ও নগদ টাকাসহ মোট জব্দ করা মালামালের মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।
এ ঘটনায় হাসান কবীর নয়নের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এটি রোধে বিজিবির কঠোর তদারকি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”