নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর গ্রামে গৃহকর্তা খন্দকার শফিকুল ইসলামের বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির মামলায় অভিযুক্ত সন্দেহভাজন আসামি ফারুক শেখকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে যশোর র্যাব-৬ ও র্যাব-৪-এর একটি যৌথ দল।
আটক ফারুক শেখ যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের সদর আলী শেখের ছেলে।
র্যাব-৬, যশোর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে একদল সশস্ত্র ডাকাত খন্দকার শফিকুল ইসলামের চারতলা বাড়িতে ঢুকে পড়ে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে দুই ভরি নয় আনা ওজনের সোনার গহনা এবং নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় কালিয়া থানায় একটি ডাকাতি মামলা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ফারুক শেখ উক্ত ডাকাতি মামলার অন্যতম সন্দেহভাজন আসামি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তাঁর বিরুদ্ধে কালিয়া থানায় আরও তিনটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।