কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং অভিভাবক সদস্য মো. খাইরুল ইসলাম।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী জারির তাসনিমের পবিত্র কোরআন তিলাওয়াত এবং দশম শ্রেণির ছাত্রী ইথুপি রায়ের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সিনিয়র শিক্ষক সুবাস কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভা শেষে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।