Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১৮ মাসেও তৈরি হয়নি ছোট্ট ইউ-ড্রেন, ভোগান্তিতে দুই গ্রাম ও শিশু শিক্ষার্থীরা

এম জামান এম জামান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ১১:১২ এ এম
১৮ মাসেও তৈরি হয়নি ছোট্ট ইউ-ড্রেন, ভোগান্তিতে দুই গ্রাম ও শিশু শিক্ষার্থীরা

সেতুটি আকারে বেশ ছোট—একটি সাধারণ ইউ-ড্রেন। তবে সমস্যাটির পরিধি বিশাল। ছবি: ধ্রুব নিউজ

সেতুটি আকারে বেশ ছোট—একটি সাধারণ ইউ-ড্রেন। তবে সমস্যাটির পরিধি বিশাল। দীর্ঘ ১৮ মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা এই সামান্য ইউ-ড্রেনটি থামিয়ে দিয়েছে দুই গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, আর প্রতিদিন ঝুঁকিতে ফেলছে দেড়শ শিশুর প্রাথমিক শিক্ষাজীবন।

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের শুর্শনাদাহ গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার প্রধান সংযোগ সড়কে এই ইউ-ড্রেনটির অবস্থান। গত দেড় বছর ধরে সেতুটি ভেঙে পড়ে থাকলেও সংস্কার বা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে মোটরসাইকেলসহ কোনো যানবাহন চলাচল করতে পারছে না। প্রধান সড়কের মাঝেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় গাড়ি এক পাশে রেখে পথচারীদের পায়ে হেঁটে পার হতে হচ্ছে। এমনকি সেতুর পাশে মোটরসাইকেল রেখে যাতায়াত করতে গিয়ে দুটি মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটেছে। কৃষকদের মাঠের ধান ও সবজি মাথায় করে বহন করতে হচ্ছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্থানীয় শুর্শনাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুলে যাওয়ার প্রধান পথেই এই ভাঙা ইউ-ড্রেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, "প্রায় দেড় বছর ধরে সেতুটি ভেঙে পড়ে আছে। স্কুলে আসার পথে অনেক সময় শিক্ষার্থীরা নিচে পড়ে যায়। জামাকাপড় ভিজে গেলে তাদের বাড়ি পাঠিয়ে দিতে হয়।"

স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাবিবা জানান স্কুলে যাওয়ার পথের ব্রিজটা ভাঙা। সাইকেল নিয়ে গেলে পড়ে যাওয়ার ভয় থাকে। পারাপারের জন্য দেওয়া বাঁশটাও ভেঙে গেছে।

স্কুলের সহকারী শিক্ষক রাশেদুজ্জামান জানান, শিক্ষক ও পথচারীদের গাড়ি অনেক দূরে রেখে পায়ে হেঁটে স্কুলে আসতে হয়। বর্ষার দিনে এই পথ পার হওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক জানান, ইউ-ড্রেনটি ভেঙে যাওয়ার খবর তিনি পেয়েছেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)