Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১৯ বছর সংস্কারহীন তেলটুপি-আমতলা সড়ক যেন কাঁচা রাস্তা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ১২:১৭ পিএম
১৯ বছর সংস্কারহীন তেলটুপি-আমতলা সড়ক যেন কাঁচা রাস্তা

কুষ্টিয়া-যশোর মহাসড়কের আমতলা বাজার পর্যন্ত সংযোগকারী একমাত্র প্রধান পাকা সড়কটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার তেলটুপি থেকে কুষ্টিয়া-যশোর মহাসড়কের আমতলা বাজার পর্যন্ত সংযোগকারী একমাত্র প্রধান পাকা সড়কটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বিগত ১৯ বছর ধরে কোনো প্রকার সংস্কার বা উন্নয়নমূলক কাজ না হওয়ায় পিচ ও খোয়া উঠে সড়কটি এখন কার্যত একটি মাটির রাস্তায় পরিণত হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই অঞ্চলের হাজার হাজার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির তেলটুপি অংশ থেকে শুরু করে নিজতোলা, কাচারিতোলা, শ্রীফলতোলা, সড়াবাড়িয়া ও বিন্নী গ্রামের ওপর দিয়ে ভাদড়া হয়ে আমতলা বাজার পর্যন্ত পুরো অংশই এখন খানাখন্দে ভরা। ঝিনাইদহ জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য এটিই এই অঞ্চলের বাসিন্দাদের একমাত্র মূল সড়ক। তবে বর্তমান পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই যে এটি একসময় একটি পাকা রাস্তা ছিল।

এলাকাবাসী জানান, দীর্ঘ প্রায় দুই দশকেও সড়কটিতে কোনো সংস্কারের হাত দেওয়া হয়নি। শ্রীফলতোলা গ্রামের বাসিন্দা ফারুক মন্ডল বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলে রাস্তাটির কোনো উল্লেখযোগ্য উন্নয়ন বা সংস্কারমূলক কাজ হয়নি। রাস্তাটি এখন যেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।"

একই গ্রামের রাজু আহমেদ জানান, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে সড়কটি সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।

সড়কটির ইতিহাস টেনে বিন্নী গ্রামের বাসিন্দা জুয়েল রানা বলেন, "বিগত ১৯ বছরে এই রাস্তায় কোনো কাজ হয়নি। সর্বশেষ ২০০৬-২০০- সালের দিকে এই অঞ্চলের রাস্তাগুলোর উন্নয়ন হয়েছিল। এরপর আর কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের অযোগ্য।"

সরেজমিনে দেখা গেছে, খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাস্তাটির বেহাল দশার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন জরুরি চিকিৎসা প্রত্যাশীরা। স্থানীয়রা জানান, কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথেই ঝাঁকুনিতে অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে।

দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের দাবি, কোনো কালক্ষেপণ না করে অনতিবিলম্বে তেলটুপি থেকে আমতলা বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)