বেনাপোল প্রতিনিধি
ছবি: প্রতীকী
যশোরের শার্শা উপজেলার ১০টি মসজিদের অবকাঠামোগত মানোন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে মসজিদগুলোর চূড়ান্ত প্রাক্কলন (এস্টিমেট) তৈরির নির্দেশনা জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মোট ১০টি মসজিদকে এই উন্নয়ন কাজের জন্য নির্বাচন করা হয়েছে। প্রাক্কলন তৈরির কাজ শেষ হলেই দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মাঠপর্যায়ে নির্মাণ ও সংস্কারকাজ শুরু হবে।
তালিকাভুক্ত মসজিদগুলো হলো—ডিহি ইউনিয়নের বায়তুস সালাম জামে মসজিদ, লক্ষণপুর ইউনিয়নের পুরুইহুদি পশ্চিম পাড়া জামে মসজিদ, উলাশী ইউনিয়নের উলাশী বাইতুল আমান মসজিদ, নিজামপুর ইউনিয়নের গাতিপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদ, বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া বাইতুল জান্নাত জামে মসজিদ, গোগা ইউনিয়নের কালিয়ানী মাঝেরপাড়া জামে মসজিদ, কায়বা ইউনিয়নের রাঘবপুর খাঁ পাড়া জামে মসজিদ, বেনাপোল ইউনিয়নের গয়ড়া ঈদগাহ পাড়া জামে মসজিদ, বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা হাটখোলা পাড়া জামে মসজিদ এবং পুটখালী ইউনিয়নের বালুন্ডা আল আকসা জামে মসজিদ।
এ বিষয়ে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমান বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। দ্রুততম সময়ের মধ্যে সব দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে মসজিদগুলোর সংস্কারকাজ শুরু করা হবে।
এই জনকল্যাণমূলক কাজ সফলভাবে সম্পন্ন করতে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।