ঝিকরগাছা প্রতিনিধি
আজ (শুক্রবার) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে শ্রমিকদের শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। ছবি: ধ্রুব নিউজ
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, দেশে-বিদেশে বড় বড় পরিকল্পনা ও উন্নয়ন বাস্তবায়নে শ্রমিকরাই মূল ভূমিকা পালন করে আসছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। অধিকার কেউ মুখে তুলে দেয় না, তা আদায় করে নিতে হয়। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন, শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবির পাশে তিনি সব সময় থাকবেন।
আজ (শুক্রবার) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে শ্রমিকদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছার উপজেলা শাখা আয়োজিত এ শিক্ষা শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলমগীর কবীর। সেক্রেটারি মো. আলমগীর কবীর সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যশোর জেলা সভাপতি মো. আব্দুল মালেক খান, ঝিকরগাছা উপজেলা উপদেষ্টা সহকারী অধ্যাপক হারুন অর রশিদ ও মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সভাপতি মো. আলমগীর কবীর এবং দারসুল কোরআন পেশ করেন সংগঠনের উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে আলোচনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক নুরুল আমীন, ‘দাওয়াতী মুমিন জীবনের মিশন’ বিষয়ে বক্তব্য দেন জেলা সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান এবং ‘জান্নাত ও জাহান্নাম মানুষের চূড়ান্ত ও অনন্তকালের নিবাস’ বিষয়ে আলোচনা করেন জেলা সভাপতি মো. আব্দুল মালেক খান।
এছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন জেলা উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন। ব্যক্তিগত রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা করেন উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম এবং উপস্থিতি পর্যালোচনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মো. আসমাতুল্লাহ। সমাপনী বক্তব্য ও মুহাসাবা পরিচালনা করেন উপজেলা সভাপতি মো. আলমগীর কবীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ, সেক্রেটারি হবিবুর রহমান তুহিন, ঝিকরগাছা ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, পানিসারা ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও বিপুলসংখ্যক নেতাকর্মী।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু শ্রমিকদের অধিকার আদায়েই নয়, বরং বেকারদের কর্মসংস্থান, অসুস্থদের চিকিৎসা ও দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।