অভয়নগর প্রতিনিধি
শুক্রবার (২৬ জুন) বিকেলে পায়রা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বাজারে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউ আর ব্রাদার্স মাদকবিরোধী সমাবেশ ও মিছিল ও মানববন্ধন করে। ছবি: ধ্রুব নিউজ
অভয়নগর প্রতিনিধি মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার পায়রায় মাদকবিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে পায়রা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বাজারে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউ আর ব্রাদার্স, পায়রা’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তারা মাদককে সমাজ ধ্বংসের প্রধান অন্তরায় হিসেবে অভিহিত করেন। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিককে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাছুম বিশ্বাস। এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মো. জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন এবং উপদেষ্টা মো. শরিফুল ইসলাম ও মাস্টার মো. আ. মান্নান মোল্লা।
সমাবেশ শেষে একটি সচেতনতামূলক মিছিল পায়রা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের সদস্য, স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে স্লোগান দিয়ে আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।