কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী এক সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী এক সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টায় স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অরবিন্দু পাল গত প্রায় ২০ বছর ধরে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তিনি স্থায়ীভাবে বাড়ি করার উদ্দেশ্যে একটি জমি ক্রয় করেন। অভিযোগ উঠেছে, ওই জমিটি সঞ্জয় (পিতা: গৌরাঙ্গ) কিনতে চেয়েছিলেন, কিন্তু সফল না হওয়ায় তিনি স্থানীয় মোঃ সিদ্দিকুর রহমান ও রেজাউল ইসলামকে দিয়ে অরবিন্দু পালের ওপর হামলা ও মারধর করান।
মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সিদ্দিকুর রহমান দোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসছেন। এই প্রভাব ব্যবহার করেই তিনি সনাতন ধর্মাবলম্বী পরিবারের ওপর হামলা চালিয়েছেন বলে স্থানীয়রা দাবি করেন। সমাবেশে এলাকাবাসী ও সনাতন ধর্মাবলম্বী নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তাঁরা অবিলম্বে অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রতিবাদ সভা শেষে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেওয়া হয়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।