নিজস্ব প্রতিবেদক
যশোরে “উত্তম কৃষিচর্চার মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
যশোরে “উত্তম কৃষিচর্চার মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে যশোর ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক সীডের আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ৮০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বীজ, সার ও জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ কামরুল হাসান।
কর্মশালায় গুড এগ্রিকালচার প্র্যাকটিস প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ এবং কৃষকদের মাঝে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে প্রান্তিক কৃষকরা যাতে পরিবেশসম্মত উপায়ে খাদ্য ও সবজি উৎপাদন করতে পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের প্রোডাক্ট ম্যানেজার (আলু) এএসএম নাজমুল হক, প্রোডাক্ট ম্যানেজার (জৈব বালাইনাশক) আরাফাত সাদাত, ব্র্যাকের চুয়াডাঙ্গা আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আক্তারুল ইসলাম এবং লালমনিরহাট শাখার টেরিটরি সেলস অফিসার আবু নোমান সিদ্দিক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের টেরিটরি সেলস অফিসার শাখাওয়াত হোসেন অনি।