যশোর শহরের শংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ফাতেমা খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার বিকেলে শংকরপুর গোলপাতা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন ওই এলাকার নাজিম শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় নিজ শোবার ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে ফাতেমা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ধ্রুব/টিএম