নিজস্ব প্রতিবেদক
১৭ বছর কারাদণ্ড প্রাপ্ত মাদক ব্যবসায়ী শামসুল হক। ছবি: ধ্রুব নিউজ
ফেনসিডিল ও গাজা’র মামলায় চৌগাছার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামসুল হককে ১৭ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিদুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন। সাজা প্রাপ্ত শামসুল হক চৌগাছার সুখপুকুরিয়া গ্রামের দক্ষিণপাড়ার রুহুল আমিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আজিজুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৬ জুলাই ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চৌগাছার শামসুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় সামসুল হকের ঘর তল্লাশি করে ১৭০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের পরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন । মামলা তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান আসামি শামসুল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি শামসুল হকের বিরুদ্ধে ফেনসিডিল রাখার দায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গাজা রাখার দায়ে ৭ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মাজাপ্রাপ্ত শামসুল হক আটক আছে।
ধ্রুব/এস.আই