বেনাপোল (যশোর) প্রতিনিধি
শয়তানের নিঃশ্বাস চক্রের’ খপ্পরে পড়া রাশিদা বেগম। ছবি: সংগৃহীত
চৌগাছায় ‘শয়তানের নিঃশ্বাস চক্রের’ খপ্পরে পড়ে স্বর্ণালঙ্কার খুইয়েছেন রাশিদা বেগম নামক এক নারী। তিনি উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা এবং কুরবান আলীর স্ত্রী।
আজ মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌর এলাকার লাইট চত্বর থেকে ইছাপুর কানাপুকুরের মধ্যবর্তী কোনো এক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বজনদের দাবি, একটি সংঘবদ্ধ চক্র ইজিবাইক চালক ও যাত্রীর ছদ্মবেশে তাকে টার্গেট করে। একপর্যায়ে তাকে ইজিবাইকে উঠিয়ে কৌশলে অচেতন করে তার কানের স্বর্ণের দুল খুলে নেয়। পরে অচেতন অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় চক্রের সদস্যরা।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে খবর দেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
এদিকে ‘শয়তানের নিঃশ্বাস চক্রের’ তৎপরতা নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধ্রুব/এস.আই