Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাঁচ আইনপ্রণেতা একমঞ্চে, বরণ করলেন আগামীর আইনজীবীদের

সাইফুল ইসলাম সাইফুল ইসলাম
প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৬:৫১ পিএম
আপডেট : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৭:২০ পিএম
পাঁচ আইনপ্রণেতা একমঞ্চে, বরণ করলেন আগামীর আইনজীবীদের

যশোরের ৭৮জন নবীন আইনজীবীকে বরণ করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখা। ছবি: ধ্রুব নিউজ

মঙ্গলবার যেন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর হল রুম। একদিকে নবীন আইনজীবীদের চোখে আগামীর স্বপ্ন, অন্যদিকে প্রবীণ ও অভিজ্ঞদের দিকনির্দেশনা। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল যশোরের ৫টি সংসদীয় আসনের পাঁচজন নির্বাচিত জনপ্রতিনিধির উপস্থিতি। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আইনপ্রণেতারা একমঞ্চে দাঁড়িয়ে বরণ করে নিলেন ৭৮ জন নবাগত আইনজীবীকে। শপথ আর অঙ্গীকারে মুখর হলো ‘সমৃদ্ধ যশোর ও দুর্নীতিমুক্ত দেশ’ গড়ার প্রত্যয়।

যশোর জেলা আইনজীবী সমিতির ইতিহাসে ৭৮ জন নবীনের এই পথচলা শুরু হলো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল নিজের আইনজীবী জীবনের স্মৃতি হাতড়ে নবীনদের অনুপ্রাণিত করেন। তিনি বলেন, কুষ্টিয়া বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাদ আহমদের সান্নিধ্যে থেকে আমি আইনি পেশার গভীর জ্ঞান অর্জনের চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, যশোর বারেও এমন দক্ষ ও জ্ঞানতপস্বী আইনজীবী তৈরি হবেন, যাদের মেধা এই বারের সুনাম দেশজুড়ে ছড়িয়ে দেবে।"

যশোর বারের আইনজীবীদের নজিরবিহীন ঐক্য ও শৃঙ্খলার প্রশংসা করে তিনি আগামীর আইনজীবীদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।

নবীন আইনজীবীদের সংবধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল  -ধ্রুব নিউজ

অনুষ্ঠানের বিশেষ মাহাত্ম্য ছিল যশোরের চারজন সংসদ সদস্যের একাত্মতা। যশোর-১ আসনের মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনের ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর-৪ আসনের অধ্যাপক গোলাম রসুল, যশোর- অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-৬ আসনের অধ্যাপক মোক্তার আলীসহ উপস্থিত সাবেক ও বর্তমান আইনপ্রণেতারা দল-মতের ঊর্ধ্বে উঠে যশোরের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন।

বক্তব্যে উঠে আসে যশোরের আগামীর রূপরেখা। অধ্যাপক গোলাম রসুল স্পষ্ট করে বলেন, যশোরের জন্য সিটি কর্পোরেশন এবং একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি। এছাড়া যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। এই উন্নয়ন কর্মকাণ্ডে আইনজীবীদেরও বৌদ্ধিক সহযোগিতা কামনা করেন তিনি।

পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতার প্রশ্নে কঠোর হওয়ার কথা হয় নবীনদের। বক্তারা উল্লেখ করেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অগণিত মানুষ রক্ত দিয়েছে শুধু একটি ন্যায়বিচারকামী সমাজের আশায়। স্বাধীনতার ৫৩ বছর পরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানোর মূল কারণ হিসেবে দুর্নীতি ও স্বজনপ্রীতিকে চিহ্নিত করেন অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, ব্যক্তিগত পর্যায় থেকে দুর্নীতিকে 'না' বলতে হবে। দেশপ্রেম জাগ্রত করতে পারলেই একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।

বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বক্তারা আইনজীবীদের মানবিক ভূমিকার প্রশংসা করেন। অধ্যাপক গোলাম রসুল তার ওপর চাপানো ৩৫-৩৬টি মিথ্যা মামলার দুঃসহ স্মৃতিচারণ করে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা যখন বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি, তখন দল-মতের ঊর্ধ্বে উঠে আপনারা আইনজীবীরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। যশোরে প্রায় ১২৫০টি মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পক্ষে আপনাদের সহানুভূতি ও আইনি লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে ৭৮ জন নবাগত আইনজীবীকে ফুল, ক্রেস্ট ও মূল্যবান বই দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান আলোচক অ্যাডভোকেট গাজী এনামুল হক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, রবিউল ইসলাম, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোটু।

অ্যাডভোকেট অজিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে নবীনেরা আইন পেশার গাম্ভীর্য বজায় রেখে তারা সবসময় অসহায় ও বিচারপ্রার্থী মানুষের পাশে দাঁড়াবেন এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নিজেদের নিয়োজিত করবেন বলে মনস্থির করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)