❒ পদ্মা সেতু রেল রুটে নতুন প্রস্তাবনা
শেখ জালাল
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ নিরসন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর জোর তৎপরতা শুরু হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে এই নতুন ট্রেন চলাচলের একটি প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ট্রেনটি ভোর ৫টায় বেনাপোল থেকে ছেড়ে সকাল ৬টায় যশোর পৌঁছাবে এবং পদ্মা সেতু হয়ে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিটে অর্থাৎ সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে।
যশোর-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সময়োচিত পদক্ষেপ ও দাবির মুখে এই অঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল সম্প্রতি জাতীয় সংসদে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বাঘারপাড়া উপজেলার 'পদ্মবিলা' স্টেশনে যাত্রাবিরতি এবং যশোর থেকে সকালে ঢাকা অভিমুখী নতুন ট্রেনের দাবি তোলেন। তিনি বলেন, যশোর সদরে যে স্টেশনটি রয়েছে, সেখানেও ট্রেনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বর্তমানে বেনাপোল থেকে বিকেল ৪টায় মাত্র একটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও বলেন, "সকালে যদি এখান থেকে ঢাকার উদ্দেশে কোনো ট্রেন চালু করা হয়, তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অনেক বেশি উপকৃত হবেন। কাজের প্রয়োজনে যারা দিনে গিয়ে দিনে ফিরতে চান, তাদের জন্য সকালে ট্রেন চালু করা এখন সময়ের দাবি।"
অন্যদিকে, যশোর-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রেলমন্ত্রীকে দেওয়া এক আধা-সরকারি পত্রে (ডিও লেটার) যশোরকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উল্লেখ করে ভোরবেলা বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তাব দেন। দর্শনা-যশোর-ঢাকা রুটে নতুন ট্রেন এবং যশোরে একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনেরও দাবি জানান।
রেলওয়ের নতুন পরিকল্পনা ও সময়সূচি রেলভবন সূত্রে জানা গেছে, ৮২৯/৮৩০/৮৩১/৮৩২ নম্বর ট্রেনটি নতুন কোচ দিয়ে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, ট্রেনটি বেনাপোল থেকে ভোর ৫টায় যাত্রা শুরু করবে। এটি যশোর স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৫০ মিনিটে এবং যাত্রী নিয়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ফিরতি পথে ট্রেনটি ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে রাত ১১টায়। এছাড়া ভারত থেকে নতুন কোচ পাওয়া সাপেক্ষে ঢাকা-মোংলা রুটে নতুন দুটি কমিউটার ট্রেন (১৩৭/১৩৮ নম্বর) চালুর পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সকালে ট্রেন চালুর সম্ভাবনার খবরে যশোরের ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী রিয়াজুল ইসলাম শাওন বলেন, যশোর থেকে ঢাকায় প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন। সকালে একটি আন্তঃনগর ট্রেন চালু হলে ব্যবসায়ীরা কাজ সেরে দিনেই ফিরতে পারবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় জনবল (এলএম, গার্ড, টিটিই) নিশ্চিত করে দ্রুতই এই সেবা চালুর প্রক্রিয়া চলছে। চূড়ান্ত অনুমোদনের পর ট্রেনের নাম ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই সংসদ সদস্যের এই সমন্বিত প্রচেষ্টা বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।