বেনাপোল (যশোর) প্রতিনিধি
উঠানে সোনালি স্বপ্ন ধান প্রস্তুতে ব্যস্ত কৃষক। ছবি: ধ্রুব নিউজ
জেলার অন্যান্য স্থানের মত শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নে শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ, আর সেই ধান ঘরে তুলতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ধান কাটা, মাড়াই ও সংরক্ষণ—সব মিলিয়ে গ্রামাঞ্চলে চলছে এক উৎসবমুখর পরিবেশ। এ সময়কে ঘিরে প্রাণচাঞ্চল্য বেড়েছে গ্রামজুড়ে ।
স্থানীয় কৃষকেরা জানান, চলতি মৌসুমে কিছুটা প্রতিকূল আবহাওয়া থাকলেও ধানের ফলন আশানুরূপ হয়েছে। বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের চাষি রাজু আহমেদ বলেন, “শুরুর দিকে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে ফলন ভালো হয়েছে। আর কয়েক দিন আবহাওয়া অনুকূলে থাকলে নির্বিঘ্নে সব ধান ঘরে তুলতে পারব।”
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উন্নত জাতের বীজ ব্যবহার, সঠিক সময়ে সার প্রয়োগ এবং কৃষকদের পরিশ্রম—সব মিলিয়ে এ বছর বোরো ধানে ভালো ফলন এসেছে। একই সঙ্গে অন্যান্য ফসলের উৎপাদনও সন্তোষজনক হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তবে কৃষকেরা এখনো কিছুটা শঙ্কায় আছেন। আকস্মিক বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ হলে মাঠে থাকা ধান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাই দ্রুত ধান কেটে নিরাপদে ঘরে তোলার চেষ্টা চলছে।
ধান কাটার এই সময়কে ঘিরে গ্রামজুড়ে প্রাণচাঞ্চল্য বেড়েছে। শ্রমিকদের কোলাহল আর মাড়াইয়ের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ভালো ফলনের আশা নিয়ে কৃষকেরা বুনছেন স্বপ্ন ।
ধ্রুব/এস.আই