Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় পাম্পে দীর্ঘ লাইন এখন নৈমিত্তিক ঘটনা: পরিদর্শন করলেন এমপি ফরিদ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ০৯:৩২ পিএম
ঝিকরগাছায় পাম্পে দীর্ঘ লাইন এখন নৈমিত্তিক ঘটনা: পরিদর্শন করলেন এমপি ফরিদ

শনিবার (০৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরালী মোড়স্থ মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশন পরিদর্শন করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছায় জ্বালানি তেল সংগ্রহে চরম ভোগান্তির চিত্র এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই এক কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তীব্র রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন পেট্রোল-অকটেন নিতে আসা শত শত মানুষ। এমন পরিস্থিতির মধ্যে একটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

শনিবার (০৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরালী মোড়স্থ মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশন পরিদর্শন করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য। এ সময় তিনি তেল নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র সরেজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় পাম্প এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ লাইনে ৬০০-র বেশি মানুষকে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকেই তীব্র রোদে ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেছেন।

বারবাকপুর থেকে আসা রাব্বি হোসেন বলেন, সকাল ১০টায় তেল নিতে এসেছি, এখন বিকাল ৪টা বাজে এখনও অপেক্ষা করছি।

অন্যদিকে শিমুলিয়া ইউনিয়নের ইব্রাহিম হোসেন জানান, সকালে ছুটিপুরে গিয়েছিলাম, সেখানে তেল না পেয়ে এখানে এসে সকাল ১১টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বিকাল ৪টা বাজে, সামনে এখনও প্রায় ২৮০ থেকে ৩০০ মোটরসাইকেল। তেল পাব কি না, তা নিয়েই দুশ্চিন্তা।

অনেকে জানান, দীর্ঘ সময় অপেক্ষার পরও অল্প পরিমাণ তেল নিয়েই ফিরে যেতে হচ্ছে। বল্লা গ্রাম থেকে আসা কৃষক রফিকুল ইসলাম বলেন, গ্রামের দিকে কোথাও তেল পাওয়া যাচ্ছে না। ৫ ঘণ্টা দাঁড়িয়ে থেকে মাত্র ৫০০ টাকার তেল নিতে পেরেছি মোটরসাইকেল জন্য, মেশিনের জন্যও তেল পেয়েছি এক ঢম।

দায়িত্বে থাকা এসআই মাসুদ বলেন, কিছু ব্যক্তি অযৌক্তিক দাবি করছেন, যা দুঃখজনক। আবার অনেকেই প্রাইভেট গাড়িতে রোগী নিয়ে আসছেন। অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে।

পাম্পের এক কর্মচারী জানান, যত সময় তেল থাকবে, আমরা তত সময় তেল সরবরাহ করবো। শৃঙ্খলা বজায় রাখতে দড়ি টানিয়ে সিরিয়াল করা হয়েছে, যাতে সবাই নিয়ম মেনে তেল নিতে পারেন।

পরিদর্শনের সময় দেখা যায়, সাধারণ মানুষও নিজ দায়িত্বে শৃঙ্খলা বজায় রেখে সিরিয়াল ধরে এগিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ লাইন ও ভোগান্তির অভিযোগ বাড়ছে। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে আছেন সাধারণ মানুষ।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)