নিজস্ব প্রতিবেদক
আসন্ন পৌরসভা নির্বাচনে যশোরে মেয়র পদে জামায়াতের প্রার্থী নূর-ই-আলী নূর-মামুন। ছবি: ধ্রুব নিউজ
আসন্ন যশোর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মেয়র প্রার্থী মনোনীত করেছে। এ পদে সংগঠনের যশোর জেলা দফতর সম্পাদক নূর-ই-আলী নূর-মামুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দায়িত্ব পেয়েছেন। বিগত প্রায় এক মাস আগে গোপন ব্যালটের মাধ্যমে রুকনদের সরাসরি ভোটে তিন প্রার্থীর মধ্যে তিনি নির্বাচিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সংগঠনের সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস।
নূর-ই-আলী নূর-মামুন তুলনামূলক রাজনৈতিক তত্ত্বের সমালোচক ও একজন সমাজকর্মী। যশোর পৌরসভার অসন্ন নির্বাচনে মেয়র পদে তিনি জামায়াতে ইসলামির প্রার্থী। আধুনিক নগর উন্নয়নে স্মার্ট, সবুজ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক কাজ করতে চান তিনি।
নূর-ই-আলী নূর-মামুন ১৯৭০ সালে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পূর্ব বারান্দিপাড়া, বটতলায় নিজস্ব বাড়িতে এক সাধারণ সুমলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব বারান্দি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়ন শেষে যশোর জিলা স্কুল থেকে ১৯৮৪ সালে প্রথম শ্রেণীতে এসএসসি পাস করেন। ১৯৮৬ সালে যশোর এমএম কলেজ থেকে প্রথম শ্রেণীতে আইএসসি পাস করে ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তার পিতা বীরমুক্তিযোদ্ধা ও সংগঠক নূর-ই-আবুল কাশেম বামধারার রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নুর-ই-আলী নুর-মামুন ছাত্রজীবনে বাম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদলের (হক গ্রুপ) কর্মী হিসেবে রাজনীতিতে অভিষিক্ত হন। ক্রমান্বয়ে তিনি দীর্ঘ অধ্যয়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন এবং বর্তমানে যশোর জেলা দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামির সম্ভবনার জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
ধ্রুব/এস.আই