বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি
অস্ত্র ভান্ডার উদ্ধারের পর ব্রিফিং দেন যৌথ বাহিনী ছবি: ধ্রুব নিউজ
যশোরের বাঘারপাড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গ্রেনেড উদ্ধারের ঘটনার পর ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত চলা অভিযানের পর আজ রোববার এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
বাঘারপাড়া থানা সূত্রে জানা গেছে, গতকালের অভিযানের পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি মো. রায়হান এবং তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
সেনাবাহিনী ও যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে এই ধরনের অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে। বাঘারপাড়া উপজেলার সংশ্লিষ্ট এলাকায় সেনাটহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের অবস্থান শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পলাতক রায়হানের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া না গেলেও তার এই বিশাল অস্ত্র ভাণ্ডারের নেপথ্যে কারা রয়েছে, তা উদঘাটন করাই এখন তদন্তের মূল লক্ষ্য।